#1 লোকসঙ্গীত কী?

লোকসঙ্গীত হল লোকমানস থেকে উদ্ভূত সঙ্গীত, যা সাধারণত শ্রুতি ও স্মৃতিকে নির্ভর করে বহমান থাকে। গীত, বাদ্য ও নৃত্য এই তিনের সমন্বয়ে তৈরি হয় সঙ্গীত। অন্যদিকে লোকগীতি, লোকবাদ্য ও লোকনৃত্য, এই তিনের সমন্বয়ে তৈরি হয় লোকসঙ্গীত।

বাংলার লোকসঙ্গীত বৈচিত্র্যময়। পল্লীর জনগনের সংস্কার, বারোমাসে তেরো পার্বণ, জগৎ, প্রকৃতি, নদ-নদী প্রভৃতিকে আশ্রয় করে এ গান বেঁধেছে বাঙালি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কয়েকটি লোকসঙ্গীত হল ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল গান, রাখালিয়া, হাপুগান, ব্রতগান ইত্যাদি।

বাংলা লোকসঙ্গীতের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য হল –
ক) দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, ব্যাথা বেদনার বহিঃপ্রকাশ ঘটে এর কথায়।
খ) সহজ সরল ছন্দর ব্যবহার।
গ) এই গান সম্মিলিত বা একক হয়।
ঘ) এই গানের চর্চার জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজন হয় না।
ঙ) সুরের আবেদন সার্বজনীন। আঞ্চলিক ভাষার ব্যবহার প্রত্যেক গানকে স্বকীয়তা দান করেছে।
চ)মানবিক প্রেম-বিরহের ভাবের প্রাবল্য।

বিশ্বের যাবতীয় লোকসঙ্গীতের মতো বাংলা লোকসঙ্গীতেও পাঁচ স্বরের (pentatonic scale) ব্যবহার দেখা যায়; যেমন সীমান্ত প্রদেশের  গারো, সাঁওতাল ও হাজংদের গান। তবে বাংলা লোকসঙ্গীতের স্বাতন্ত্র্য এর বিশিষ্ট রূপভঙ্গি ও সাত স্বরের বিশেষ ব্যবহারের ক্ষেত্রে। কেবল সুরের দিক দিয়ে নয়, ছন্দের দিক দিয়েও এর মধ্যে নানা বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে স্মরণীয় যে, রাগসঙ্গীতের উদ্ভবের পেছনে রয়েছে এই লোকসঙ্গীত; আজও বহু রাগ-রাগিণীর নামকরণে এর সাক্ষ্য মেলে। আভের, সাবেরী, মালবী, কানাড়ী, পাহাড়ী, মাঢ়, বঙ্গাল প্রভৃতি জাতির নামের সঙ্গে বিভিন্ন রাগ-রাগিণীর নামকরণ এই সত্যকেই পরিস্ফুট করে। অন্যদিকে বাংলা লোকসঙ্গীতে কোনো কোনো রাগসঙ্গীতেরও প্রভাব দেখা যায়। ঝিঁঝিট, দেশ, ভৈরবী, ভূপালি, বিভাস প্রভৃতি রাগের স্পর্শ বাংলার লোকসঙ্গীতকে মাধুর্যমন্ডিত করেছে। তবে বাংলা লোকসঙ্গীতে ভাটিয়ালি সুরেরই একচ্ছত্র আধিপত্য। ভাটিয়ালি সুরে যে স্বরের প্রয়োগ হয়, তা রাগসঙ্গীতের খাম্বাজ ও পিলু সুরের সমগোত্রীয়। কখনো কখনো ভীমপলশ্রী ও পটদীপ রাগের সঙ্গেও এর মিল লক্ষ করা যায়। ঠাট বিচারে খাম্বাজ ও কাফী ঠাটের সঙ্গে ভাটিয়ালির নিকট সম্বন্ধ খুঁজে পাওয়া যায়। ঝুমুরের সুরভঙ্গির মধ্যেও খাম্বাজ তথা পিলুর আমেজ আছে। বাউলের মধ্যে আছে বেহাগ, খাম্বাজ, ভৈরবী, বিলাবল প্রভৃতি রাগ-রাগিণীর প্রভাব। খাম্বাজ ও কাফী ঠাটের রাগ-রাগিণীর সঙ্গে  বাংলা লোকসঙ্গীতের সুর-নৈকট্য রয়েছে।


Roll- RBU/MCVS         No- 165024       



Comments

Popular posts from this blog

#১০ উপসংহার।

#৭ বোলান কেন লোকনাট্য?